গত ২৩ জানুয়ারী শুক্রবার মাস্কাট, ওয়াদি কবির-এ মাস্কাট প্রবাসী সনাতনীদের উদ্যোগে মাঘ মাসের পঞ্চমী তিথিতে ওমান মাস্কাটের বসবাসরথ প্রবাসী বাংলাদেশী সনাতনী শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মত বড় পরিসরে আয়োজিত হল বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে’—
এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য সনাতন ধর্মাবলম্বীরা দেবী সরস্বতীর অর্চনা করে থাকেন।
রাজধানী ঢাকা সহ সারা দেশ এবং প্রবাসে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার পাশাপাশি পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা, সকাল থেকে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। পরে বিকেলে গীতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অভিবাবকগণ আয়োজিত অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ।পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দদের দুপুর এবং রাতে প্রসাদ বিতরণ করা হয়।
সর্বশেষ পরের দিন সকালে ঘট বিসর্জনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিক শেষ করেন।
